বিরাট রাজার রাজধানী শ্রীপুর মাগুরা ২০২০।

বিরাট রাজার রাজধানী নবম শতাব্দীতে মাগুরার জেলার শ্রীপুর এলাকা পাল রাজাদের অন্যতম নগর হিসেবে খ্যাতি অর্জন করে। শ্রীপুর বৌদ্ধ ধর্মের প্রভাবে প্রভাবিত ছিল। ধর্মপালের রাজত্বকালেই শ্রীপুর পাল রাজাদের কোন অধস্তন বিরাট রাজার রাজধানী ছিল। কথিত আছে যে, বিরাট রাজার স্ত্রীর নাম ছিল ‘শ্রী’। ‘শ্রী’ নাম থেকেই শ্রীপুরের নামকরণ হয়েছে বলে শোনা যায়। শ্রীপুরের অদূরে রাজাপুর গ্রামে ছিল বিরাট রাজার রাজমহল। কালের গর্ভে বিরাট রাজার কীর্তিসমূহ বিনষ্ট হয়ে গেছে। তবে নাট্যশালা, কয়েদ খানা ও ধনাগারের চিহ্ন আজও পরিদৃষ্ট হয়। মহাকালের অমোঘ বিধানানুসারে শ্রীপুরের বিরাট রাজারও পতন হয়। কিন্তু কিভাবে কখন কার নিকট বিরাট রাজার পতন ঘটে তা সঠিকভাবে বলা কঠিন। ইতিহাসে জানা যায় বিরাট রাজার পতন হয়েছিল জনৈক মুসলমান শাসনকর্তার হস্তে। কে সেই মুসলিম শাসনকর্তা তা’ ইতিহাসে অজ্ঞাত।

স্থানীয় জনশ্রুতি আছে, জনৈক মুসলিম শাসনকর্তা বিরাট রাজার রাজ্য আক্রমণ করলে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বিরাট রাজা প্রচুর শক্তির পরিচয় দিয়েছিলেন। মুসলিম শাসনকর্তা তার রাজধানী অবরোধ করলে রাজধানীর মধ্যে জলকষ্ট দেখা দেয়। তবুও রাজা বিরাট বশ্যতা স্বীকার না করে যুদ্ধ করতে থাকেন। রাজধানীর মধ্যে ছিল একটি কূপ। এই কূপের জল পান করে তিনি যুদ্ধে আহতদের সুস্থ করে তুলতেন। এই কূপ-মধ্যস্থিত জলে ছিল অলৌকিক ক্ষমতা। একবার আহতদের পান করাতে পারলে সে সুস্থ ও সবল হয়ে উঠতো। মুসলিম শাসনকর্তা কূপের অলৌকিক ক্রিয়ার কথা শুনে জনৈক অনুচরকে হিন্দু সাধুর বেশে রাজধানীতে প্রেরণ করে গো-মাংস নিক্ষেপ করে আসতে আদেশ করেন। অনুচরটি গোপনে কূপের মধ্যে গো-মাংস নিক্ষেপ করে আনন্দে আত্মহারা হয়ে ‘মাজুদা’ বলে চিৎকার করতে থাকেন। এই ঘটনার পর রাজা যুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে এই যুদ্ধক্ষেত্রের নাম হয় ‘মাজুদিয়া’। স্থানীয় লোকেরা আজও সেই যুদ্ধক্ষেত্রটিকে মাজুদিয়া রণক্ষেত্র বলে পরিচয় দেয়। রাজধানীর মধ্যে যেখানে সেই অলৌকিক কূপ ছিল, তার নাম জীবন কূপ। কূপটি এখন ভরাট হয়ে গেছে। এই কূপের উপর অটল মৌন প্রহরীর মতো আজ দাড়িয়ে আছে বহু কালের বিরাট একটি বট বৃক্ষ। মহাকালের কত বোবা কাহিনী তার পরতে পরতে লেগে আছে, তা’ কে জানে।

রাজা নাই রাজার রাজপ্রাসাদ নাই শুধু পরে আছে এই শিরি টা ১৩/২/২০২০ ফটো আশিকুজ্জামান আশিক।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started